দারিদ্র্যের তপ্ত ধূলি, শোষণের খরা,
লড়েছে বালক একা জীবনের টানে;
পায়ের তলায় মাটি, অস্থির এ ধরা,
সহজ অদম্য প্রাণ সাহসের গানে।
মায়ের চরণে ভক্তি, ত্যাগের শপথ,
জ্ঞানের প্রদীপে বীর ঘুচালো আঁধার;
কঠোর শ্রমেতে গড়া অক্ষরের পথ,
শিক্ষক সৌরভে আজ খুলেছে যে দ্বার।
সঙ্গিনী হারালো পথ বিরহের স্রোতে,
সৃজন-সুধায় মন ডুবেছে আবেশে;
সমাজের বেড়ি ছিঁড়ে নতুন আলোতে,
জাগে আজ সাধনার দীপশিখা শেষে।
কণ্টক-মুকুট শিরে বিজয়ের হাসি,
কবিতার ছন্দে বাজে মুক্তির এ বাঁশি।
© দীপঙ্কর সাধুখাঁ
৯ই এপ্রিল, ২০২৬।