মাটির বুকফুঁড়ে উদগত দুরন্ত অঙ্কুরের মতো
বেঁচে উঠবো তোমার ভূমিতে,
লতানো ডগার মতো দারুণ উচ্চাভিলাষী মন নিয়ে
বেয়ে উঠে যাবো গ্রীবাদেশে।
কতটা সম্মোহিত হলে আমার সমরাস্ত্র
দেখতে পাবে না তোমার দু'চোখ, বুঝতে পারো?
ভাবছো হরিণীর মতো চপলতা দিয়ে
কি করে করবো রাজ্যজয়! !
আমি বাঘিনীর মতো নিঃশব্দে এসে
তোমার সমস্ত বোধের দুয়ারে তালা দিয়ে
প্রথমে হরন করবো তোমার চেতনা,
এরপর লুফে নিবো তোমার থেকে তোমাকে।
অতঃপর কানে কানে ফিসিফিসিয়ে শোনাবো
যতসব গোপন ষড়যন্ত্রের কথা,
তুমি মন্ত্রমুগ্ধ হয়ে করবে আত্মসমর্পণ
আর আমি হাসবো বিজয়ের হাসি!
অঙ্কুর ভেবেছিলে যাকে সে এক লতানো গাছ,
ঔপনিবেশিক সর্পিণীও বলা যায়,
তোমাকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে করলাম ভূমিদখল--
আর তুমি কিনা তা টেরই পেলে না!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem