তুমি সামনে দাঁড়ালেই (Malobika) Poem by Arun Maji

তুমি সামনে দাঁড়ালেই (Malobika)

Rating: 5.0

তুমি সামনে দাঁড়ালেই
সবকিছু এলমেলো হয়।

ক্ষুদ্র বৃহৎ
অথবা মানুষ অতিমানুষের
ভেদ হারিয়ে ফেলি।
মনে হয়
আমিও পারি দুষ্মন্ত হয়ে
তোমায় শকুন্তলা ডাকতে।
পারি, জাহাঙ্গীর হয়ে
নূরজাহানের মতো তোমাকে ছিনিয়ে নিতে।
পারি, শাজাহান হয়ে
গগনচুম্বী তাজমহল গড়তে।
পারি, খালি পায়ে
মঙ্গল বৃহস্পতির পথে
অনাদি অনন্ত যাত্রা করতে।

অথচ
তুমি সামান্য এক নারী।
শ্যামলা গাঁয়ের শ্যামল বরণ নারী।
তোমার কাজল চোখের ঝিলিক
ঊজ্জ্বল হলেও
তা সূর্যের মতো প্রখর নয়।
তোমার নাভির শস্যক্ষেত
সোনালী সবুজ হলেও
তা সূর্যমুখী বাগানের মতো নয়।
তোমার বুকের পাহাড়
সুউচ্চ হলেও
তা হিমালয়ের মতো নয়।

অথচ
সূর্য বা হিমালয়ের চেয়ে
তোমাকেই সুন্দর মনে হয়।
সূর্য কখনো
সূর্য হতে আহ্বান করেনি আমাকে।
কিন্তু তুমি?
দিনরাত তা করো।

তুমি সামনে দাঁড়ালেই
এই ক্ষুদ্র কলেবরে
সূর্যের দীপ্তি জেগে উঠে।

© অরুণ মাজী

তুমি সামনে দাঁড়ালেই (Malobika)
Tuesday, March 17, 2020
Topic(s) of this poem: love,passion,beauty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success