সোনালী চক্রবর্তী অবন্তিকা'র জন্য প্রেমের কবিতা
ব্যথা জখমকে ভালোবাসে -মাংসকে ভালোবাসে ব্যথা -
সাধু হয়ে গেছি তো, নিভিয়ার মাস্ক পাউডার ছাই
বাড়িতে ল্যাংটো ঘরে বেড়াই -পোড়ানো পাণ্ডুলিপির গন্ধ মেখে
ভালোবাসাকে ভালোবাসি -অপ্রত্যাশিত সাক্ষাৎ -
সুরের নোনতা খসড়া বাঁধি -স্মৃতি দাও -স্মৃতি দাও -
উজবুক তাকাই ঈশ্বরীর ডিজিটাল অনুপস্হিতির ফ্রেমে
নিকেলিত পূর্ণিমা, বেচারী ঈশ্বরী কেন এতো সুন্দরী!
অবচেতনার খলিফার ফতোয়া -আস্তিক হয়ে যা শিগ্গিরি -
হায় -ঈশ্বরী তো নিজেই নাস্তিক -
বোকা না কি -সোনার হরিণ কেই বা চায়?
লাভার ফুটন্ত বিছানায় -খদিরচুল রূপসী -নিঃসঙ্গতা আর বঞ্চনা -
আব্রাহামের তিন ছেলের রক্ত আমার গায়ে কেন?
আমি তো ল্যাংটো খলিফা, নিভিয়ার মাস্ক পাউডার ছাই-
পঞ্চবটির হাইপাররিয়াল জঙ্গল তোকে ঘিরে
ভবঘুরে -কুঁজোশঠ -নুলো -টোটোবেকার -খোচর -
নাঙবুড়ো -লোফার -নেশুড়ে -মিথ্যুক -জুয়াড়ি -বেয়াদপ -
রাজনর্তক -জ্যোতিষী তোর বাঁহাত কখন থেকে ধরে রেখেছে -
তুই তো এই শহর -রাজপথ -রাস্তা - লেন -বাইলেন -
শেষই হতে চাস না শেষই হতে চাস না শেষই হতে চাস না
ব্যথায় ঢালাই নিজেরই গড়া আদল -সেই যুবক তো? চিনি আমি!
সে তোর মাংসে ব্যথার মতন আঁকড়ে থাকেনি -যেমন আমি -
যখন সময় আসবে -গায়ের সমস্ত পালক -মখমল -স্টিলেটো -
ভুরু কোঁচকানো জাদু -তোর হাতে বটল ওপনার কেন?
আমি তো সাধু হয়ে গেছি, নিভিয়ার মাস্ক পাউডার ছাই -
বাড়িতে ল্যাংটো ঘুরে বেড়াই -প্রতিবেশিনীদের প্রিয় উন্মাদ -
সত্যের দপদপানিতে ঘায়েল -চোখ বুজি -একদিন তো সব যাবেই -
এখন নয় কেন? খদিরচুল রূপসী? তুই চাস নাকি সোনার হরিণ?
বিশ্বাস করিসনি -ভয় পাসনি -যা হয়নি তা তোর নাগালে -চেষ্টা ছাড়িসনি
ব্যথা মাংসকে ভালোবাসে -আঘাতকে ভালোবাসে ব্যথা -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem