গোধূলি বাগানে স্তব্ধ হলো মায়ামাখা পাখিটির নীলশব
বহুস্নেহে শীতফুল তার হরিতাভ আভা ছড়ালো মরমে
সৃজনের বেদনায় একান্তে মহৎ হলো অস্তিত্বের স্তব
জীবনের ক্লান্ত সফলতা স্থির জাগালো আমাকে মৃত্যুনামে
শিকড়ে শিরায় সার্থক সন্ন্যাসী, বলে গেলে শ্রমনের পথে
পৃথিবীর প্রাণের ভেতর ভালোবাসা মৃত্য অমৃত জীবন
জীবনানন্দের পেঁচা তবু উড়ে যায় গলিত স্বর্গের রথে
আজ জ্যোৎস্না ভেজা বৃদ্ধ জলপাখি অন্তর্গত কল্লোলে নির্জন
মননের সুবিশাল ছায়া ফেলে নিঃস্ব হলো শেষতম হাংরী
সাধুর কঙ্কালে গড়েছিলে নিজেকে প্রাকৃত মাঠের ফসলে
ব্যথিত জ্যোৎস্নার দিকে চলে গেলো অবিরল পিচ্ছল সংসারী
তোমার মায়াবী হাত দিয়েছে আশ্বাস যখনই নিয়েছি তুলে
আত্মার ভেতর সিগারেট ক্রমে ক্ষয়ে আসে দুঃখিত হাংরীর
মৃতদের বাড়িঘর প্রদীপের রাত্রি আজ কোন্ পৃথিবীর!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem