শিলাগন্ধে বজ্রভূমে বেঁচে আছে তারা
সৌমেন চট্টোপাধ্যায়
আদিম গানের সুর সংলাপে প্রাক্তন পৃথিবীতে অবজ্ঞার
অনুভব পুঁতে দিলে নিহত শরীরে কাঁপে পাহাড়ী গহবর
বিগত ডানার শুকনো পালকে ভরে আছে জরায়ু জঠর
ডাহুকের গ্রামে মাতৃ বর্ণের গৃহস্থে বড় মৌন অন্ধকার
ভাঙ্গাচোরা প্রকৃতির শিকড়ে তৃষ্ণার আর্তস্বরে বৃত্তাকার
দূরের টিলায় ঘুরে তার দেবতার ক্ষয়ের রোগের জ্বর
একাকী ধ্বনিত হয়ে ঘিরে ধরে তারই ঘর পাথুরে চত্বর
অস্থিসার মৃত অন্ধকার কোণে জন্মভূমি পেতেছে সংসার
অস্তিত্বের সফলতা চেয়েছিলো সমৃদ্ধ আলোর দেহঘ্রাণ
ভৌতিক জ্যোৎস্নার চাঁদে পতঙ্গের দেহ অভিমান খেলা করে
হলুদ সন্ধ্যার শরীরে মন্থর শামুকের বৃষ্টিহীন গান
লুণ্ঠিত বাথান তবু একা বেঁচে থাকে নিভৃতে দেহাতি সুরে
গর্ভবতী অঘ্রানের আলিঙ্গনে জেগে থাকে অনেক সন্তান
শিলাগন্ধে ভাঙনের বজ্রভূমে অখন্ড দূরের বহু পরে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem