তিলোত্তমা ১ Poem by Suman Pal

তিলোত্তমা ১

তিলোত্তমা-
তিল তিল করে বেড়ে ওঠা একটি স্বপ্ন,
তুমি শায়িত আছো,
এই পৃথিবীর অপর এক প্রান্তে, গভীর আঁধারে।
একটি পরিকল্পিত শ্বাসরোধ-
গভীর রাত্রিতে এ শহর কাঁদে,
কোথাও বিপ্লবের চেতনা মাথা চাড়া দেয়
তোমার তীক্ষ্ম চিৎকারের স্মৃতিতে,
কোনো এক গলির আঁধভাঙ্গা চালে
ছোট শীর্ণ মেয়ে খাতায় তোমার নাম আঁকে লাল পেনে,
রক্তিম বর্ণ সে নাম।
টেলিভিশনের পর্দায় এক মায়ের আর্তনাদ,
একটি পরিকল্পিত শ্বাসরোধ-
মিথ্যার প্রলেপ, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা।
তিলোত্তমা-
গভীর রাত্রিতে এ শহর হাঁপিয়ে ওঠে,
ফেসবুক আর ইনস্টার স্ক্রলে ওরা অশ্লীল রিলস্ ছাড়ে,
পুরুষতন্ত্র আর নারীবাদের একগুঁয়ে ঝগড়া শোনা যায়,
রেলস্টেশনে ক্ষুধার্ত ছেলে মেয়েগুলি পাউরুটি ভিক্ষা করে,
তিলোত্তমা-
তিল তিল করে ভেঙে যাওয়া একগুচ্ছ স্বপ্ন,
তুমি শায়িত আছো,
এই পৃথিবীর অক্ষ রেখার সমান্তরালে, গভীর আঁধারে।

তিলোত্তমা ১
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success