পানখাকীর মা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

পানখাকীর মা

আমাদের বাড়ীতে চাল দিত
মেহেরুন্নিসা …
ঢেঁকিছাঁটা সেদ্ধ চাল
ঘরেই চাল কাঁড়ত সে,
মাঝ বয়সী মেয়ে, বিবাহিতা
খুব পান খেত,
ভূন্নি দিয়ে শাড়ী পরতো
সাজত আর পাঁচটা মেয়ের মতই
চটি জুতো পরতো
সবাই ডাকত
‘পানখাকি রে' … ।

পানখাকী একবার ব্যারামে পড়লো,
তখন ওর নড়বড়ে বুড়ি মা
জিন্নতমহল
চাল দিয়ে যেত
বিটির বাড়ীর কাছেই থাকত বুড়ী
একাই …
সপ্তাহে একদিন পনের সের চাল
কাঁখালে বয়ে আনতো সে
বাড়ীর সদর দরজায় দাঁড়িয়েই হাঁকত
‘চাল এনেছি কাকী' ।

বুড়ীর একটু জমি ছিল
লটকানা লাগাত
চালের সাথে পোঁটলায় নিয়ে আসত
যত বাছোট তরকারি
নিহরজালি চাল-কুমড়ো
পুঁকড়া শশা, ক্যাঁট আম
কানা বেগুন, বুড়ো রামপটল
দরকচা স্যাকারকুম
ফাটা লালমি
আরও অনেক কিছু।
যদিও বা বাছোট... জলের দাম ।

পানখাকীর মা
টাটির ঘরের বিটি,
টাটির ঘরের বউ
বুড়ো বয়সেও বাঁধপুলে ডহরের ধারে
টাটির ঘরেই থাকত
কাঠের আখায়
শুকনো পাতার জ্বালে রাঁধত ।
গতর খাটাতো সকাল থেকে সন্ধ্যে
ধান ভাপাতো, শুকাতো
ঢেঁকিতে চাল কুটত
আর তাতেই খেত, পরতো
কারো কাছে কখনও হাত পাতেনি সে
সরকারী ডোল, বিধবা ভাতা
কখনও মেলেনি ।

এক বৈশাখের ভন্নি দুপুরে
চাল দিয়ে বাড়ী ফেরার পথে
জিন্নতের সান-স্ট্রোক হলো
তিরফুট্টি রোদে
বুড়ী মাঠের মধ্যে ঘাঁটার উপর
উল্টে পড়লো,
নিরানের মজুরেরা
ঘটি ঘটি জল ঢাললো
কিন্তু হায়
বুড়ী যেন পড়লো আর মরলো ।

আশ্চর্য্য হই নি
কারণ এটাই স্বাভাবিক... বিধিলিপি
পানখাকীর মায়েরা তো
অমনি করেই মরে!

Saturday, July 16, 2016
Topic(s) of this poem: poverty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success