জেগে থাকা রাত ও স্বপ্নের ঘুম Poem by RAJAT GHOSH

জেগে থাকা রাত ও স্বপ্নের ঘুম

জেগে থাকা রাতে স্বপ্নের ঘুম অসাধারণ!
সদা জাগ্রত রাইফেলের চোখ চুমু খেতে চায়
ওপারের বিশেষ বন্ধুর গ্রেনেড টিকে টপকে।
তোমার জাগ্রত চোখ যদি মাটির গন্ধে মজে
লিখতে বসে নতুন যুগের কাহিনীর কবিতা,
তুমি কি হারাবে না তোমার হৃদয়ের স্পন্দন?
শহীদ হয়ে কফিন বন্দি তুমি হবে বীর যোদ্ধা।
গান স্যালুট, মালা, প্রেস-মিডিয়া তো আছে,
কিন্তু এই মিছিলের শেষ কোন উপত্যাকায়?

কোথায় গেলে মায়ের ভেজা আঁচল শুকাবে?
কোথায় গেলে বন্দুক বদলাবে শান্তির বীণায়?
কোথায় গেলে ভালোবাসার বোমা ফাটবে নিঃশব্দে?
কোথায় গেলে বুলেটের নিরর্থক তীর হবে বিদ্ধ?
কোথায় গেলে পরমাণুর দম্ভ মিশবে মাটির অণুতে?
কোথায় গেলে বন্ধ হবে তোমার আমার আস্ফালন?
কিন্তু এই সাভানার অবস্থান পৃথিবীর কোন গোলার্ধে?

চলো না আমরা সবাই চলি সেই অজানা ঠিকানাহীন গোলার্ধে,
যেখানে ভালোবাসার গোলাপে বিদ্ধ হবো আবালবৃদ্ধবনিতা,
যেখানে মৃত্যুর সাদা কাফনে তৈরি হবে শান্তি দেশের পতাকা।
চলো সেই দেশে যার আস্ফালন চিতার আগুনে হবে ভস্ম।
মায়ের কোলে আঁচল জড়িয়ে শান্তির নিদ্রায় মুড়ে থাকা
ওই ছোট্ট শিশুর স্বপনে আসুক চির শান্তির দূতের বীণা।
জেগে থাকা রাতে স্বপ্নের ঘুম অসাধারণ! এ কি অসম্ভব?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success