শেষ হলো না প্রভাত ফেরী Poem by Soumen Chattopadhyay

শেষ হলো না প্রভাত ফেরী

Rating: 5.0

পারিনি এখনো
তত কাছে যেতে
তোমাদের হৃদয়ের যত
কাছে যেতে চেয়েছিলো মন
নিঃশব্দে পড়ন্ত বেলা ডেকে নিলে
সকলের মুখ
বুকের প্রাচীনতম নদীজলে ভাসে


পিছনে রইলো প'ড়ে প্রতিশ্রুতির গোপন
সেইসব কথা
বহু বেদনার
সমূহ বৃত্তের নগ্ন অন্ধকারের ঘনিষ্ট পথে;
যেখানে প্রান্তিক দুঃখে নতুন আলোর নিঃসঙ্গ বিস্তারে মাতৃগর্ভের নীরব
ভ্রুন জেগে ওঠে, সিক্ত হয়
স্মৃতির কাঁপনে

জোড়া শালিখের
মতো অঘ্রানের
নীরব রোদ্দুরে
আমরা উড়েছি কবিতার জন্ম দিতে

এখন শুধুই রক্ত ঝরে
পাতার মরমী শিরা ছিঁড়ে রক্ত ঝরে
যে সুরে বাতাস কাঁপে
জীবনের এই মহাস্বাক্ষর দুঃসহ দিনে রেখে
গেলাম তোমার
চেতনার মাঠে...

সন্ধ্যা নেমে এলো—
ডানার সঞ্চারে ক্লান্ত পাখি
গাছগাছালির
অলিন্দে ফিরেছে,
অবসরে সোহাগের কথা
চাঁদের বাতাসে
ভাসিয়ে নিজেকে
বিলিয়ে দিয়েছে
প্রিয়ার শরীরে কবেকার
মাংস কণিকার
আদিম উত্তাপে

গ্রামের বাউল পুকুর পাড়ের পথে
অরুন্ধুতি বিশাখার অন্তরে নতুন
পৃথিবীর মানুষের ঘরে
সেই স্বপ্ন দেখে...

জীবনের এইসব নিরীহ বাসনা
নিয়ে লাল ধুলো
উড়ে উড়ে যায় গোধূলি আকাশে

ততদূর যেতে
পারিনি যতটা আমার যাবার ছিল
তোমাদের রক্তস্রোতের অন্তরে
বিদায়ের আগে
শুধু রক্ত ঝরে প্রতিশ্রুতির শরীর
ভেঙ্গে রক্ত ঝরে

মৃত্যুর ভেতরে অন্য এক প্রতিশ্রুতি
হৃদয়ের সুক্ষ ধমনীতে রয়ে যায়
রৌদ্রময় জীবনের স্রোতে
অরুন্ধুতি বিশাখার আলোর গভীরে...

হলো না প্রভাত ফেরি শেষ
যাবার বেলায় রক্তের অন্তর জাল
বিছাতে চেয়েছি তোমাদের অন্তরে অন্তরে
পারিনি তোমার তত কাছে
যেতে ফেরীঘাট ছেড়ে যতটা চেয়েছি শেষ
যেতে

শেষ হলো না প্রভাত ফেরী
Friday, October 16, 2020
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 19 October 2020

যেতে পারিনি তোমার তত কাছে যতটা চেয়েছি যেতে.... অসাধারণ অভিব্যক্তি প্রকাশ আশাগুলো গন্তব্যে পৌঁছার আগে ঢলে পড়ে মৃত্যু খাদে পার্থিব তামাশার তমিস্রায় নিঃশ্বাস বিষবাষ্পে বেঁচে থাকে সুর করে, শঙ্খে ধ্বনি তোলে শৃঙ্খলার সাফল্যে এ পৃথিবী অকৃতদার বধির, অন্ধ, খোঁড়া ও বোবা হয়ে এগোতে থাকে

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success