আজকে আবার একটা প্রেমপত্র লিখছি
লাল কালিতে ওই হলুদ পাতার উপরে,
একটা সাদা গোলাপও এঁকেছি কাঁটাহীন
সবুজ পাতার সূক্ষ রেখাগুলো খুব স্পষ্ট।
বাইরে কুকুর ডাকছে আর ঘরে শুনছি গান,
মাঝে মাঝে গান স্যালুট, সাইরেন শোনা যায়।
প্রেমপত্রের বিষয় হারিয়ে ফেলি, ভাষা জটিল
থেকে জটিলতর হয়ে মানে হারায় এ বুকে।
তবু ওই সাদা গোলাপে লাল মোমরং হবে,
হয়তো একটা কালো ভ্রমর এসে বসবে,
কিংবা কোনো ছোট পোঁকা কুড়ে খাবে
ওই লাল সদ্য বিকশিত কচি পাপড়িগুলো।
আমি বলতে চাই কথা চিঠির উড়ো ভাষায়,
আমার কথা কেউ শোনে না অবাধ্য সবাই।
মনখারাপের সন্ধ্যায় মেসেজ আসছে অহরহ,
ছবিও আসছে কিন্তু জালে কানেকশন নেই।
উড়ো চিঠি উড়ছে উড়ন্ত পাগল পায়রার পায়ে
যাও তুমি উড়ে, আমার দূরবীন হোক সাক্ষী।
আমি দেখতে পাচ্ছি এক ফাইটার উড়ছে
বোধহয় এসেছে সময় কামানে গোলা ভরার।
সাদা পতাকাটা কোথায়? আর উড়ো চিঠিটা?
কসে এক থাপ্পড় আমার ঘর্মাক্ত লাল গালে
ক্লাসমেট হোস্টেলের চা হাতে মুখ ভাংচি কাটে,
'যত সব পাগলামি, উড়ো চিঠি আর উড়ো চিঠি'।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem