গোধূলি আলোর কঙ্কালে লুকোনো রোদ্দুর Poem by Soumen Chattopadhyay

গোধূলি আলোর কঙ্কালে লুকোনো রোদ্দুর

বটের ঝুরির দেশে অন্ধকার নামে
মেঘের ভেতর লুকোনো রোদ্দুর চেয়ে জেগে
আছি
মনে পড়ে একদিন নবান্নের আনন্দে হেঁটেছি এখানের ফসলের ক্ষেতে
জীবনের ইতিহাস আজ চেয়ে আছে পৃথিবীর সেইসব দূরের মাঠের
ভাঙ্গাচোরা পথে
পাহাড়ি টিলার কঠিন গভীর দেহে প্রত্যয়ের সকল রাত্রির আকাশ চাদর মুড়ে
শুয়েছে আমার পাশে প্রাণ গন্ধে

অদূরে শ্মশান, পোড়ে রাঙ্গা দিগন্ত, কাঙ্খিত
ইচ্ছা
রক্ত মাংস আর শেষঘুম

সকল প্রার্থিত আর্তি পোড়ে
পোড়ে লৌকিকতা
মেঘের ভেতর পুড়ে যায়
লুকোনো রোদ্দুর, প্রাণের ভীষণ স্বাদ

পুড়ে যায় বহু-
ঝিমঝিম স্বপ্ন
তোমার আমার দিনরাত্রি
করুণ কোমল স্নায়ু গ্রন্থি
আকাশ বাতাস আর দূর গ্রহের আশ্চর্য
আলো

এইভাবে পুড়ে পুড়ে গিয়ে
মাটিতে এঁকেছি নাভিফুল
ধ্বনিত দিনের
শৈশবের আবছায়া

তারপর চেতনার স্পষ্ট
অরণ্যে জেগেছি
কল্পনার করতলে কল্পবৃক্ষের শিকড়ভূমে
ছিন্ন তার বাউলের সুরে

এইভাবে পুড়ে পুড়ে রয়ে যাব আমি
গোধূলি সন্ধ্যার
দুঃখিত কঙ্কালে
আমার গ্রামের ধমনীর
নিঝুম স্পন্দন ভালোবেসে

এইভাবে জেগে থাকি রোজ দুই দিগন্তের
কোলে
সৃষ্টির আত্মার ঘন ইতিহাসে জেনে
জেগেছি আমরা এইভাবে
মেঘের ভেতর লুকোনো রোদ্দুর চেয়ে...

গোধূলি আলোর কঙ্কালে লুকোনো রোদ্দুর
Friday, December 11, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success