সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল Poem by RAJAT GHOSH

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল এ বিদ্ধ বুকে,
ফাটা হৃদপিন্ড চুপি চুপি ঘোলা জল নিল শুষে।
ঢক্কা-নিনাদে ফেটে ছিলো আকাশের মেঘরাশি,
বৃক্ষ নীচে পাগল কৃষ্ণ বাজিয়ে ছিলো বাঁশি।

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল শহরের মাঝখানে,
দেহখানি স্যাতস্যাতে, বিশ্বাস মানুষ বেচে কেনে।
পসার সাজিয়ে দোকানী বলেছিল- 'এটা বেশ ভালো',
ছাতা বাগানো খরিদ্দার হেসে কয়- 'এ বেজায় কালো'।

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল ডোবা নৌকা নদীতে,
তুফান ঝড়ে মাঝি ভাই পারাবার পানে প্রাণ ছোটে।
তুলকালামের এই তুফানে ঘুমায় শান্তির গৌতম বুদ্ধ,
অহং-এর রণতরী ডুবেছিল স্প্যানিশ আর্মাডা সুদ্ধ।

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল, ইতিহাস তার সাক্ষী,
বনে বনে নেচে ছিলো কুসুম জড়ানো সব মধু-মক্ষি।
মৌ বনে ঝড় ওঠে রাঙা রবি রচনার প্রভাত কল্লোলে,
সাথীহারা আঁখি খোঁজে নয়ন লোকের নব হিল্লোলে।

সেদিন বিকালে বৃষ্টি নেমেছিল ক্ষনিকের মিলনমেলায়,
আঁখি তুলে রূপখানি ক্লান্ত অপরাহ্ন-এর বিদায় বেলায়।
ভালোবাসার বৃন্দাবনে চৈতন্য হরণের অনন্ত আনন্দে,
উন্মাদ কৃষ্ণ নামে আসরে মেতেছিল মনের মানুষ যত্নে।

সেদিন বিকালে সত্যিই বৃষ্টি নেমেছিল...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success