যখন তোমার ঘুম ভাঙবে Poem by RAJAT GHOSH

যখন তোমার ঘুম ভাঙবে

যখন তোমার ঘুম ভাঙবে,
দেখবে অনেকটা সকাল পেরিয়ে গেছে,
দেখবে বাড়ির শালিক জোড়া গেছে বেড়াতে,
আলতো শিশির আলগা পায়ে দেবে না সুড়সুড়ি,
স্থলপদ্ম তখন রঙিন জামা গায়ে দেবে,
আর তুমি বুঝি খুঁজবে আমায়...?

যখন তোমার ঘুম ভাঙবে,
দেখবে তখন সূর্য্যি গেছে পাটে,
লাল আকাশে গোধূলির রং আবছা,
রাখাল ছেলের ধুলো তখন গেছে মুছে,
পাখিরা সব নীড়ে, আর একটা অস্পষ্টতা,
আর তুমি তখন খুঁজবে কি আমায়...?
খুঁজবে আমায়...?

যখন তোমার ঘুম ভাঙবে,
তখন বুঝি ইতিহাস হবে সময়,
মুছে যাবে পাতা আর কালো হরফ,
তখনও বুঝি তুমি খুঁজে যাবে
আমায়...?

যখন তোমার ঘুম ভাঙবে,
আর দেখবে আমায় দূরে, বহুদূরে,
হয়তো আমি তখন অন্যলোকের যাত্রী!
তুমিও কি তখন বুঝি খুঁজে যাবে
আমায়...?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success