চিরকুট Poem by RAJAT GHOSH

চিরকুট

চিরকুট,
লিখেছি একটি,
রাতের প্রহর গুনে,
তোমায় দেব বলে হাতে,
যদিও বুকটা একটু কাঁপে থরথর,
মর্মর বক্ষে সাহস নিয়ে এগিয়ে যাই,
তোমার দেওয়া সেই সাদা পাতার ছোট্ট ঠিকানায়,
মেলে না হিসাব সেই ঠিকানার আয় ব‍্যয়ের কলাম।

চিরকুট,
লিখেছি একটি,
এঁকেছি তোমার ছবি,
চিরকুট বুঝি আমার বুকে,
আমার অলিন্দের কপাটিকায় তোমার স্পন্দন,
রক্তবাহে বইছে তোমার রূপের রূপক অক্সিজেন,
একদেহের একস্পন্দনে শুনতে পাই তোমার আমার উপস্থিতি,
বোকা ডাক্তার কয়, বড় ব্যামোর বিদঘুটে বিখ্যাত বিচিত্রানুষ্টান।

চিরকুট,
লিখেছি একটি,
এঁকেছি এক জলছবি,
লাইনের কথাগুলি মেলে না,
আমার প্রেমের কবিতা তাই প্রাবন্ধিক,
নীরস ভাষার ছন্দময় আবেগ পড়া কষ্টকর,
তবুও এই চিরকুটখানি একবার খুলো অবসর যাপনে,
নিশি নিলয়ের গহন বনানী মাঝে পড়ো এই চিরকুটখানি।

Tuesday, November 27, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success