হাসছে Poem by RAJAT GHOSH

হাসছে

সমরে মরণে নিদ্রা আর জাগরণে
নিশ্বাস বাণী অঝোরে কেঁদে চলে,
কোনো এক দেশে ভিন্ন ভূমির পটভূমিকায়
লেখা হয় সব একই উপসংহার শান্তনায়।
একই শব্দ একই গান রক্তে হারায় প্রাণ
আর মরুতে সৃষ্টি হয় রক্তবাহের লোক গান।

গল্পগুলো অতীত হয় কালের কলে
আর হারানো এক শৈশব শিশু বলে,
ওই অন্তহীন বোকা বোকা যুদ্ধ খেলায়
সেইও যে অংশগ্রহনকারী যোদ্ধা একাই,
অবুঝের দেশে সে বোঝে না বাস্তব বাণী
কোন ভূমিতে মিশেছে তার পূর্ব রক্ত ঋনী।

ওই পাহাড়ের পাথর কোলে
একটা তাজা প্রাণ যখন গেল হেলে,
ছন্দ হারিয়েছিল সৃষ্টির বেহালা
আর পাকানো সলতে আর স্বপ্নের দুবেলা।

তর্ক বিতর্ক চলছে আর চলবে
সংখ্যা আর বিশ্লেষণে মাত হবে কথার দাবা,
আর ওই দূরে ছোট শিশু কোলে কোনো এক রমণী
হাসছে উন্মাদ ব্যাখ্যার জটাজালে;
চিৎকার গান আর গান স্যালুটের মাঝে
কফিন চলে যাওয়ার কফিময় বেদনার আড্ডায়
ভালো বোঝা যায় বুঝি?

হাসছে শিশু, হাসছে বধূ, হাসছে বৃদ্ধা মা
হাসছে দেশ, হাসছে মৃত্যু, হাসছে যুদ্ধের দামামা বেশ!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success