অমাবস্যা আবৃত আসমুদ্র অন্তরীক্ষ
মনুষ্য দেখা যায় না।
মানববাণী গাইতে গাইতে
রক্ত শুঁকে
মানুষের চামড়া পরা
কিছু দু পেয়ে পশু।
গান্ধী নাম জপতে জপতে
রক্ত চাটে
চটি পরা পুতনা রাক্ষস।
লিঙ্গ আর ধর্ম নিরপেক্ষতাকে
আবরণ করে
শিশু-নারী মাংস ভোজনে ব্যস্ত
নেতা বুদ্ধিজীবী মুক্তমনা।
সাম্য আর মানববাণী পারদর্শী
অসংখ্য
উচ্ছিষ্টভোজী হিংস্র জানোয়ার দেখি
অথচ মানুষ দেখি না।
আজ ইতর লজ্জিত
ভদ্রের হিংস্রতায়।
কুকুর লজ্জিত
পন্ডিতের চাটুকারিতায়।
কে মানুষ? কে কুকুর?
আজ কুকুরকে
মহান এক মানুষ মনে হয়।
অথচ মানুষকে
বিন্দুমাত্র জীব মনে হয় না।
হায় ঈশ্বর
ঘোমটা আর খ্যামটাবাজে
ঢেকে গেছে এ পৃথিবী;
এ পৃথিবী
মানুষের আর হবে না।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem