কাঁদতে হয়; তবুও বাঁচতে হয় (Amal) Poem by Arun Maji

কাঁদতে হয়; তবুও বাঁচতে হয় (Amal)

কাঁদতে কেউ চায় না
তবুও কাঁদতে হয়।

কেউ শুনুক বা না শুনুক
তবুও গোপন মর্ম বেদনা
একটু শোনাতে ইচ্ছে হয়।
অন্তর বেদনা মরুক বা না মরুক
তবুও কাঁদতে ইচ্ছে হয়।

সর্ব সমক্ষে কাঁদতে ইচ্ছে করলেও
লুকিয়ে কাঁদতে হয় ।
ফাটা বুক চৌচির হলেও
শক্ত সাজতে হয়।

তারস্বরে কাঁদতে ইচ্ছে করলেও
ফুঁপিয়ে কাঁদতে হয়।
আপন অভিমান তবুও,
একটু বজায় রাখতে হয়।

উচ্চৈস্বরে জানাতে ইচ্ছে করলেও
নিঃশব্দে
ঈশ্বরকে নালিশ জানাতে হয়।
ঈশ্বর কিছু করবে না জেনেও
ঈশ্বরকে ডাকতে হয়।

উপায় কি বলো?
দুর্বল দুঃস্থ মানুষ আমরা!
অদৃশ্য দেবতাকেও তাই
মানতে হয়  
ভয় পেতে হয়।  

কাঁদতে হয়।
চোখের জল ফেলতে হয়। মুছতে হয়।
ক্ষয়িষ্ণু অশ্রুবিন্দু হাতে নিয়ে
ঈশ্বরকে আবার নালিশ জানাতে হয়।
যত গণমান্যই হই না কেন আমি
আমিও যে ভঙ্গুর মানুষ
একথা ভেবে অবাক হতে হয়।

শুনবে না গো
কেউ শুনবে না।
তবুও উচ্চৈস্বরে কেঁদে
সকলকে শোনাতে ইচ্ছে হয়।
এত দুঃখ, এত ক্ষোভ, এত অবিচার
তবুও বাঁচতে হয় ।
আরও বেশী বাঁচতে ইচ্ছে হয় ।
বুকে তুড়ি মেরে শক্ত সাজতে হয়।
আবার নতুন ভোরের
সোনালী স্বপ্ন দেখতে হয়।

কাঁদতে হয়; তবুও বাঁচতে হয়।

© অরুণ মাজী

কাঁদতে হয়; তবুও বাঁচতে হয় (Amal)
Friday, July 9, 2021
Topic(s) of this poem: hope,tears
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success