তবু যদি দেখা হয় তোর সাথে
শুধু তোর সাথে
কোন এক পূজার রাতে,
বা ভিড় ঠাসা ট্রেনের কামরাতে
বা আনমনে হাঁটতে হাঁটতে
চিনতে কি পারবি আমায়?
তুই চিনতে কি পারবি আমায়?
চার বছর চৌষট্টি দিন ঘুড়ছি
সেই হলদে জামাটা পরে।
তোর স্মৃতি মাখা সেই হলদে জামাটা পরে।
মনে আছে ?
রাগে যেটা দিয়েছিলি ছিঁড়ে?
তোকে কেবল মনে করানোর তরে
এক যৌবন, দুই স্বপ্ন ধরে ঘুড়ছি
সেই হলদে জামাটা পরে।
একশো তাপ্পি লাগিয়েছি তাতে
হাত বুক আর গলার কাছটাতে।
রঙটা একটু গিয়েছিলো চটে
তাতে কি? হলদে রঙ লাগিয়ে নিয়েছি তাতে।
জানিস? পরতে কখনো ভুলিনি ওটা।
যদি না চিনতে পারিস! সেই ভয়ে
এক জীবন ধরে
পরে আছি ছেঁড়া জামাটা।
মনে আছে? তোর মনে আছে
গালের কোণে আমার আঁচিলটা ?
ডানদিকে। এক্কেবারে ডানদিকে চোখের নীচটা?
তুই আলতো করে ছুঁয়েছিলি ওটা
যেমন দেখেছিলি তেমনই আছে সেটা।
সময়টা কেবল বদল গেছে
জানিস? সময়টা বেশ বদলে গেছে।
তবুও আমি বদলায় নি।
এক জীবন যন্ত্রণা সত্বেও
একটুও বদলায় নি আমি।
বদলে গেলে
যদি চিনতে না পারিস!
তাই বদলাতে সাহস পায় নি।
তবুও চিনতে কি পারবি আমায়?
নিশ্চয় পারবি। চিনতে চাইলেই চিনতে পারবি।
জানিস? একটুও বদলায় নি আমি।
এক পৃথিবী যন্ত্রণা বুকেও
একটুও বদলায় নি আমি।
একটু অন্তত চিনিস আমায়।
আড়চোখে দেখে দেখে
দাঁত দিয়ে ঠোঁট কেটে
আনমনে আঁচল খসিয়ে
একটু অন্তত চিনিস আমায়।
আমাকে না চিনলেও
অন্তত চিনিস সেই হলদে জামাটা।
তোর আঁকা ক্ষত বুকে সেই হলদে জামাটা।
জানিস? এখনো তোর গন্ধ আছে
ওর হৃদয়ের বিন্দু বিন্দু ক্ষতে।
© অরুণ মাজী
Painting: Fabian Perez
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem