ফিসফিস করে
কে যেন শুধায় আমাকে
'ঘুমিয়ে পড়েছো নাকি'?
বলি, ঘুমোই নি
তোড়জোড় করছি কেবল।
জীবনের মাঝে
এত গরমিল
তো ঘুম হয় কি?
আসলে শুয়োরের বাচ্চা বলে যাদেরকে ডাকি
তারা শুয়োরের কেউ নয়।
নিকট আত্মীয় তো দূরের কথা
দূর সম্পর্কেও কেউ নয়।
এমন একটা মস্ত বড় ভুল
আজীবন বইছি আমি।
এমনটা নয়
শুয়োর বাচ্চাদের প্রতি
আলাদা কোন দুর্বলতা আছে আমার।
তবুও কেন জানি....
চুরি ডাকাতি খুন ধর্ষণের
আর এক নাম উন্নয়ন।
অভিধানে লেখা না থাকলেও
ঝান্ডাধারীর বুকে লেখা তা।
হিংসা বিদ্বেষ বিভেদ সন্ত্রাসের
আর এক নাম দেশপ্রেম।
সংবিধানে লেখা না থাকলেও
মস্তিস্কহীনের মগজে লেখা তা।
এই যে এত গরমিল
এত অসত্য
এত নারকীয়তা
তো কেমন করে ঘুমোবো আমি?
জানি, আমার মতো
ঘুমের ব্যাধি তোমার নেই।
জানি, শুয়োরের নিকট আত্মীয়ও তুমি নও।
তবুও কেন জানি তোমাকে বলি...
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem