নাহঃ বিশ্রামে কাজ নেই
আমাকে অনেক দূর যেতে হবে।
কতদূর যেন?
ওহে আকাশ
তুমি কি জানো আমাকে কতদূর যেতে হবে?
কতদূর গেলে
নষ্ট জীবনের কষ্টগুলো
মিষ্টি একটা কাব্য হবে?
আমার
জীবন বন্দী জীবিকার ঘরে
প্রেম নতমস্তক অভ্যাসের দ্বারে
পাখনা বিক্রীত খ্যাতির ভাঁড়ারে।
ওহে ফড়িং
তুমি কি জানো আমাকে কতদূর যেতে হবে?
কতদূর গেলে
দুর্ভিক্ষ খরা কবলিত জীবন
কানায় কানায় একটু ভরে উঠে?
কিন্তু দূরে যাবো কেন?
নষ্ট জীবনের কষ্টে কষ্টে
জন্ম যদি
পথভ্রষ্ট হয় তো ক্ষতি কি?
একরাশ শূণ্যতার
বীভৎস বিষণ্ণতা ছুঁয়ে আছে হৃদয়।
এই বিষন্ন হৃদয় বুকে
কতদূর আর হাঁটবো?
নাহঃ যাবো না।
আমি কোত্থাও যাবো না।
তার চেয়ে বরং
একটু খেয়া ঘাট ঘুড়ে আসি।
কিন্তু খেয়াঘাট কেন?
কে আছে সেখানে?
ঊহঃ আর পারা যায় না
কেবল মালবিকা আর মালবিকা!
মালবিকা আছে তো বয়েই গেলো।
হুঁ! ঐরকম মালবিকা
চারিদিকে কত কত থাকে!
একরাশ শূণ্যতার
বীভৎস বিষণ্ণতা ছুঁয়ে আছে হৃদয়।
এই বিষন্ন হৃদয় বুকে
কোথায় আর যাবো?
নাহঃ যাবো না।
কোত্থাও যাবো না। কক্ষনো যাবো না।
তবু বরং
একটু খেয়াঘাট ঘুড়ে আসি।
© অরুণ মাজী
Painting: JWG
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem