জানো রাত্রি
কেমন যেন মিইয়ে গেছো তুমি।
একাকী আমি একাকী তুমি
অথচ তোমার সাথে আজকাল
খুনসুটি আর হয় না।
সারাক্ষণ পাশ ফিরে শুয়ে।
কেন রাত্রি? কেন?
আজ হৃদয় না হয় দুর্বল আমার। কিন্তু যৌবন?
ছুঁয়ে দেখো-
পাচ্ছো আমার উত্তাপ?
গভীরে, আরও একটু গভীরে হাত ডুবাও।
কিগো, যৌবন আমার
আগের মতোই তেজী, তাই না?
কতদিন আর
মুখ ফিরিয়ে থাকবে রাত্রি?
একদিনও কি
সদয় একটু হবে না?
দেখো।
না হয় কাছে এসেই একটু দেখো।
জানো, তোমার সাথে
কত গল্প বাকি।
দুঃখের গল্প। নদীর গল্প।
চাঁদের গল্প। রামধনু ভাঙা আর গড়ার গল্প।
কত কত গল্প।
বুকের গল্প
কেবল বুকেই শুকিয়ে যাচ্ছে।
আচ্ছা,
কতগুলো বসন্ত পেরিয়ে গেলাম যেন?
না না, তুমি নও। আমি।
হ্যাঁ হ্যাঁ, আমি।
ঠিকই বলেছো
চল্লিশ বসন্ত পেরিয়ে গেলাম আমি।
জানো, বসন্তও কেমন যেন
অভিমানী আজ।
তুমিই বলো, ইচ্ছে কি আমার করে না
একটু স্বপ্ন স্বপ্ন খেলতে?
বা অকালে বজ্র হয়ে
মেঘের বুকের উপর হুমড়ি খেয়ে পড়তে?
করে গো করে।
অনেক অনেক ইচ্ছে করে।
কিন্তু কার সাথে খেলবো?
কার বুকের উপর পড়বো রাত্রি?
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem