মানুষের দুর্ভাগ্য কি জানো? কেবল খারাপ কাজ করলেই তুমি শাস্তি পাবে তা নয়, ভালো কাজ করলেও তুমি শাস্তি পাবে। শ্রীচৈতন্য যীশু কোপার্নিকাস গ্যালিলিও তার জ্বলন্ত উদাহরণ।
জীবন যদি এতো নিষ্ঠুর নির্মম অন্ধ, তো আঘাত পেলে সামান্য মানুষ- কঠিন রুক্ষ অসংবেদনশীল হবে না? হবে গো হবে। পাক্কা হবে। কিন্তু রুক্ষ অসংবেদনশীল হলেই কি তোমার যন্ত্রণা কমে যাবে? নাহঃ। কেন না?
তোমার জিব যদি আগুনে পুড়ে যায় তো কি হয়? জিবের স্বাদ গ্রহণকারী কোষগুলো তখন কাজ করে না। ফলে, তখন তুমি উচ্ছের বিশ্রী তেতো স্বাদ পাও না ঠিকই, কিন্তু রস-মালাইয়ের সুন্দর মিষ্টি স্বাদও তখন তুমি পাবে না। দুঃখের আগুনে পুড়ে গিয়ে তুমি যদি তোমার পুড়ে যাওয়া জিবের মতো অসংবেদনশীল নিষ্ঠুর হয়ে যাও, তাহলে- তুমি আঘাতের স্বাদ কম পাবে ঠিকই, কিন্তু আনন্দের মিষ্টি স্বাদও পাবে না।
ফল? তোমার জীবন তখন রোবটের মতো যান্ত্রিক হয়ে যাবে। তুমি একদিন অবসাদের বুকে ঢলে পড়বে। মানসিক অবসাদের যন্ত্রণা, তেলের কড়াইয়ে ভাজা হওয়ার যন্ত্রণার চেয়েও বেশি ভয়ঙ্কর। দৈহিক যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে না। মানসিক যন্ত্রণায় মানুষ তা করে।
অরুণ মাজী লেখক হতে লিখে না। তবে কেন লিখে সে? সে লেখে- যাতে, তার জীবন যন্ত্রণা তাকে পুড়ে যাওয়া জিবের মতো কখনো অসংবেদনশীল না করে দেয়। যেদিনই সে মানুষের সূক্ষ্ম অনুভূতি (দয়া মায়া প্রেম বিবেকবোধ) হারিয়ে অসংবেদনশীল হয়ে যাবে, সেদিনই সে অবসাদের বুকে ঢলে পড়বে।
লেখা আমার কাছে পান্ডিত্য নয়। খ্যাতি নয়। লেখা আমার বেঁচে থাকার উৎসস্থল। তোমরা অনেকেই আমাকে আন্তরিকভাবে ভালোবাসো। কিন্তু এমনও অনেকে আছে, যাদের স্বার্থের সঙ্গে আমার লেখা আজ সঙ্গত করে, তো তারা আমার পিঠ চাপড়ে দেয়। কিন্তু যেদিন আমার লেখা তাদের স্বার্থকে সঙ্গত করবে না, সেদিন তারাই আমাকে খিস্তি খেউর করবে।
আজ যারা আমাকে কোন বিশেষ গোষ্ঠীর দালাল বলে খিস্তি করে; কাল যখন রাজনীতির পটভূমি পরিবর্তন হবে, আর অরুণ মাজী যখন নতুন সরকারের আন্ডারপ্যান্টে কাঁকড়া বিছে ছেড়ে হুঁকো টানবে, তখন আজকের খিস্তিবাজরা কাল আমার পিঠ চাপড়াতে আসবে। নয় নয় করে আমি দশ হাজার কবিতা, কয়েক হাজার প্রবন্ধ আর আর বেশ কিছু উপন্যাস লিখে ফেললাম। তো আমার সেই বোধ কি হয় নি? অরুণ মাজী বদ্ধ উন্মাদ ঠিকই। কিন্তু ততটা বদ্ধ উন্মাদ নয়।
কাজেই কেউ তার পিঠ চাপড়ে দেবে বলে অরুণ মাজী লিখে না। অরুণ মাজী অমরত্ব পাওয়ার জন্যও লিখে না। ছেঁড়া ইতিহাসের পাতায়, অরুণ মাজীর ছবির উপর কোন এক ফেতি কুত্তা এক পা তুলে মুতলে- মৃত অরুণ মাজীর কিছু যায় আসে কি?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem