স্বপ্নের রঙ ম এ আকার...(Amal) Poem by Arun Maji

স্বপ্নের রঙ ম এ আকার...(Amal)

Rating: 5.0

আচ্ছা আকাশ
কি যেন বলছিলাম তোমায়?
ও হ্যাঁ। সেই ফুলের কথা।
কেমন বন্ধু তুমি
নাম জিজ্ঞেস করলে না তার?

জিজ্ঞেস করলেই বা কি!
আমি কি আর বলতাম?
জানো, খুব সুন্দর তার পাপড়ি।
আর তার ভরা বুকে, বান ডাকা সুগন্ধ।

জানো, ফুলটা আমায়
আড়চোখে লুকিয়ে লুকিয়ে দেখতো।
এতো সুন্দর ফুল
আমিও কি আর না দেখে থাকতে পারি?
আমিও তাই ফ্যালফ্যাল করে দেখতাম।

ফুলটা একদিন জিজ্ঞেস করলো আমায়
"এই ছেলে
তুমি মেঘ হতে পারবে? "

আমি বললাম-
নিশ্চয় পারবো। এক পৃথিবী পারবো।
এক আকাশ পারবো।
তোমার জন্য আমি সব পারবো।
এক মহাবিশ্ব মেঘ হয়ে
আমি তোমার সমস্ত বাগান ভিজিয়ে দেবো।

ফুলটা আমায় ভেংচি কেটে বললো-
"হুঁ। পারবে না ছাই পারবে।
দেখাও তো একটা প্রজাপতি হয়ে। "

একলাফে একটা প্রজাপতি হয়ে
আমি যেই না তাকে ছুঁয়েছি-
ফুল অমনি আমার কান মুলে দিলো।
আর বললো-
"ওহে ফক্কর, তোমায় প্রজাপতি হতে বলেছি
ছুঁতে বলি নি।"

আমি বললাম-
কি আশ্চর্য্য! প্রজাপতি- একটু ফুল ছুঁবে না?

ফুল চীৎকার করে বললো-
"না ছুঁবে না। কখনো ছুঁবে না।
আবার যদি কখনো ছুঁয়েছো
তো নাকের মধ্যে তোমার পিঁপড়ে ছেড়ে দেবো।"

জানো আকাশ
আজকাল সময় বড় কঠিন।
ফুল একটু কোমল হয় তাই জানতাম।
এখন দেখছি
ফুলও কাঁটা হয়ে উঠেছে।

আচ্ছা আকাশ
তোমার কোন প্রেমিকা আছে?
আছে? কে গো? কি নাম তার?
সে তোমারই মতো সুন্দর আর উদার?

আচ্ছা, এখনো তো তুমি
তার নাম জিজ্ঞেস করলে না?
জানো? তার নাম- মএ আকার....
নাহঃ বাকিটা আর বলবো না।

© অরুণ মাজী

স্বপ্নের রঙ ম এ আকার...(Amal)
Saturday, February 2, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success