বাতাসে বারুদ গন্ধ
মাটিতে জমাট রক্ত।
তারই মাঝে
খিলখিল হাসি ভাসে কার।
ওই হাসিতে মৃত্যু আঁকা আমার।
তবুও এগিয়ে যাই
এক পা, দু পা, তিন পা
আজও চলেছি আমি.....
কে তুমি নারী?
কখনো কি দেখেছি তোমাকে?
কখনো কি দেখবো তোমাকে?
কোথা থেকে ক্ষুধার্ত এক শিশুর
কান্না ভেসে আসে।
চোখ গড়িয়ে জল পড়ে।
মুছে নিই।
কত আর কাঁদবো আমি?
এতো তো কেঁদেছি
শিশু-নারীর কান্না থেমেছে কি?
আজও দুর্বলের কুঁড়ে ঘরে
শকুন নেকড়ের আড্ডা।
আজও নারীর শোবার ঘরে
ধূর্ত শেয়ালের চড়ুইভাতি।
কাঁদছি। আমিই কেবল কাঁদছি।
একটা একলা মানুষ
আর কত কাঁদতে পারে হে ঈশ্বর?
তারই মাঝে
খিলখিল হাসি ভাসে কার।
ওই হাসিতে মৃত্যু আঁকা আমার।
তবুও এগিয়ে যাই
এক পা, দু পা, তিন পা
আজও চলেছি আমি.....
আত্মহত্যা পাপ।
কিন্তু নারীর সুগন্ধী বুকে মরণঝাঁপ?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem