তবুও বেঁচে আছি (Amal) Poem by Arun Maji

তবুও বেঁচে আছি (Amal)

Rating: 5.0

বেঁচে আছি। তবুও বেঁচে আছি।

খঞ্জনির রনরনে ঝংকারের মতো-
স্মৃতির পথ বেয়ে
গেয়ে যায় মৃত্যু
ভঙ্গুর জীবনের ব্যর্থ প্রয়াস।

অর্জুনের লক্ষ্যভেদের নিশ্চয়তার মতো-
দেওয়ালের গা বেয়ে
গেয়ে যায় টিকটিকি
আশা আর স্বপ্নভঙ্গের একঘেঁয়ে গীত।

মালবিকার রক্তবর্ণ ঠোঁটের মতো
যৌবনের রাস্তা বেয়ে
কেঁদে যায় স্বপ্ন
রক্তাক্ত বাসর ঘরের ক্ষয়িষ্ণু আর্তনাদ।

বেঁচে আছি। তবুও বেঁচে আছি।

গর্ভবতী নদীর মতো
একরাশ অপ্রস্ফুটিত ভ্রূণের
মৃত্যু যন্ত্রণা বুকে বেঁচে আছি।

পরাজিত রাজার মতো
লাঞ্ছিত প্রজার
বলাৎকারের দৃশ্য প্রত্যক্ষ করে
ক্রোধ লজ্জা বুকে বেঁচে আছি।

বেঁচে আছি। তবুও বেঁচে আছি।

কিন্তু কতকাল বেঁচে থাকা?
মৃত কঙ্কাল পুতিময় শবদেহে
আর কতকাল বেঁচে থাকা?

© অরুণ মাজী

তবুও বেঁচে আছি (Amal)
Sunday, May 12, 2019
Topic(s) of this poem: dream,hope,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success