ক্রোধ অভিমান বুকে
দূরে দূরে আছো যারা
নত মস্তকে ভিক্ষা চাইছি তোমাদের-
একটু ভাব হোক। গান হোক।
হুল্লোড় হোক। কল্লোল হোক।
কত ঘৃণা আর করবো?
ক্লান্তি হয় না আমার?
নিজের রক্ত
অন্যের জমাট রক্তে দেখে
অনুশোচনা হয় না আমার?
অন্যের মরণে
নিজের প্রজ্বলিত চিতা দেখে
ভয় হয় না আমার?
"বাড়ি আছো? বাড়ি আছো উন্মাদ? "
মৃত্যু আজকাল
দিনরাত কড়া নেড়ে যায়।
হড়কে গেলেই মৃত্যু।
অথচ এই সবুজ বাংলা, এই অনন্ত নীলাকাশ,
এই কল্লোলিনী গঙ্গা, এই পবিত্র তুলসীতলা,
কত বছর বুকে ধরি নি আমি!
ঘৃণা আর হিংসার পিছনে
রাতদিন দৌড়োবো যদি
পূর্ণিমার চাঁদ দেখবো কখন?
মালবিকাকে জড়িয়ে
আদর করবো কখনো? চুমু খাবো কখন?
ফড়িং লেজে দূর্বা বেঁধে
খুনসুটি করবো কখন?
ওহে নগেন মাস্টার
হিংসা দাঙ্গার মাঠে
রক্তের খেলা খেলতেই কি জন্মেছি আমি?
ভালোবাসতে জন্মায় নি?
ঘৃণা হিংসার বিষে জর্জরিত
আমি শান্তি চাই।
এই সবুজ বাংলার বুকে
আমি শান্তি চাই।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem