প্রেমের বিছানায় চিৎ হয়ে শুয়ে
অভিনয় নামের
উদ্ভিন্ন যৌবনা সুন্দরী রমণী।
ওহে চিত্রগুপ্ত
খাতা দেখে বলো তো,
প্রেম নামের
শ্রীযুক্ত অপদেবতার চরণে
আজ পর্যন্ত কত নরবলি হলো?
এই অসময়ে
স্বপ্ন দুয়ারে
তারস্বরে হেঁকে যায় কে?
কে হে তুমি?
অবেলায় এতো চীৎকার কেন?
মালবিকা?
ধ্যাত্তেরি তোর মালবিকা!
আমি মালবিকাকেও জানি না
তার ঠাম্মাকেও জানি না।
আজকাল সবাই শালা
মালবিকা হতে চায়।
বলি, মালবিকা কে?
মালবিকা কি স্বর্গের অপ্সরা নাকি?
যে তাকে মনে রাখতে হবে?
এই খাঁ খাঁ দুপুরে
মদের মায়াময় নদীতে
ডুব দেয় কে?
কে হে?
কোন হতচ্ছাড়া বাউন্ডুলে তুমি?
কি নাম তোমার?
অমল?
তা বাপু কি পাপ করেছো
যে এই কাঁচা বয়সে মরতে চাইছো?
প্রেম? হুঁ।
যা ভেবেছিলাম!
ঘাড়ে নেই দম খায় চমচম।
বিনা কারনে পুড়তে শিখেছো
যে প্রেম করবে?
শেখো নি।
শেখো নি তো
এতো প্রেমের নেশা কেন?
রুদ্ধ চোখে
বইছে নদী। মরছে প্রেম।
আর নিঃশব্দে ক্ষইছে
অমলের
অনাহুত পরমায়ু।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem