তোমরা আমাকে দেখো না (Amal) Poem by Arun Maji

তোমরা আমাকে দেখো না (Amal)

Rating: 5.0

কেউ কখনো খুঁজে নি আমায়
ডাকেনি আমায়।

হারিয়েই আছি আমি
আ-কৈশোর।

আদি থেকে অনন্ত
নরক থেকে স্বর্গ
পাপ থেকে পুণ্য
স্বপ্ন থেকে কল্পনা
নক্ষত্র থেকে পরম শূন্যতা জুড়ে-
হারিয়ে আছি আমি।

নাহঃ কেউ খুঁজে নি আমায়
কেউ ডাকেনি আমায়।

যখন ছোট্ট ছিলাম আমি
মা খুঁজতো আমায়
ঠাম্মা ডাকতো আমায়।
আর বাবার ডাকটা ছিলো
একটু আলাদা।
মৃদুভাষী মানুষের চোখে চোখে ডাক।

নক্ষত্রের পিছনে যে আর এক নক্ষত্র
আজ ওখানে ওরা।
হয়তো আজও ডাকে ওরা
বধির আমি
শুনতে পাই না।

কোন ডাক শুনি না বলে  
আজও হারিয়ে আমি।
সর্ষে ক্ষেতে
নদীর বাঁকে
স্বপ্নের খাঁজে
বহু বিস্মৃত পরিত্যক্ত গুহায়
পরাণ মাঝির ভাটিয়ালি সুরে।

আমার অবয়বে তোমরা যাকে দেখো
সে আমি নই
অন্য কেউ।

হারিয়ে আছি আমি।
তোমরা আমাকে দেখো না গো
তোমরা আমাকে দেখো না।

© অরুণ মাজী

তোমরা আমাকে দেখো না (Amal)
Friday, April 3, 2020
Topic(s) of this poem: lost
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success