কাছে এসো
কিন্তু বেশি কাছে এসো না।
স্বপ্ন আর মৃত্যুর মাঝে
যতটা জায়গা থাকে
ততটা দূরে থাকো।
প্রেম আর হতাশার মাঝে
যতটা জায়গা থাকে
ততটা দূরে থাকো।
চাই, তুমি একটু
বেশি বেশিই কাছে এসো।
ঘেঁষে ঘেঁষে
ঠেসে ঠেসে পাশে বসো।
কিন্তু......
স্পর্শে, প্রেম কলঙ্কিত হয়।
রমণী নাভির স্পর্শে
পুরুষের সংযমের মৃত্যু হয়।
রমণী ওষ্ঠের স্পর্শে
সদ্য প্রস্ফুটিত স্বপ্নের মৃত্যু হয়।
রমণী নিতম্বের মায়ায়
সুসংহত পৌরুষেরও মৃত্যু হয়।
তাই হৃদয় চাইলেও
দূরে থাকতে হয়।
অনেক অনেক দূরে থাকতে হয়।
কি জানি
ছুঁয়ে দিলে হারিয়ে যাও যদি।
জড়িয়ে ধরলে পতন ঘটে যদি।
ওহে কুহেলিকা আচ্ছন্ন মায়াবী মরীচিকা,
বুকে একরাশ মৃত্যু এঁকে
আর কত কাছে টানবে?
বলো, একজন পুরুষ
কতবার মরতে পারে?
কতবার?
কাছে এসো
কিন্তু বেশি কাছে এসো না।
মেঘ আর বৃষ্টির মাঝে
যতটা জায়গা থাকে
ততটা দূরে থাকো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem