স্বপ্নের মশারি তুলে উঁকি মারে কে? (Anamika) Poem by Arun Maji

স্বপ্নের মশারি তুলে উঁকি মারে কে? (Anamika)

​প্রেম নদীতে ছেঁড়া কাঁথা গুঁজে
কেরোসিন তেল সহ
জ্বালিয়ে দেবো আমি।

বুঝলে পেন্তীর মা
প্রেম পুকুরে
ডুবে আর মরবো না আমি। ​

কে? কে ওখানে?
মন, দেখো তো
মুখার্জী বাড়ির অনামিকা কিনা।
হাসিটা বড় সুন্দর তাই না?

"ওরে হারামজাদার বাচ্চা হৃদয়
ক হাঁটু প্রেমের নর্দমা ঘাঁটলে
চৈতন্য হবে তোর? "

"তুমি শালা মস্তিষ্কের বাচ্চা
সারা জীবন কেবল সুদ কষে গেলে।
প্রেমের মর্ম তুমি কি বুঝবে? "

"সকাল সকাল
খামোকা ঝগড়া করো কেন বাপু?
একটু হুঁকো টানো
শান্তি পাবে? "

"তুমি কোন চাঁড়ালের বাচ্চা হে
আমাদেরকে জ্ঞান দিতে এলে?
থবড়াটা ঘোরাও তো, একটু দেখি।
হ্যাঁ, যা ধরেছি।
শালা মাতাল পাড়ার চৈতন্য।"

'বলি ওহে চৈতন্য বাবু
তোমার জাতের ঠিক আছে?
তোমার পাড়ার ছেলে ছোকরারা তো
চোলাই দিয়ে মুড়ি খায়।"

"তা খায়।
কিন্তু তারা শান্তি তো পায়।
তোমাদের ভদ্দর মার্কা হৃদয়ের মতো
অকালে আত্মহত্যা তো করে না।"

খামোশ। যত বেয়াদপের দল।

স্বপ্নের মশারি তুলে
উঁকি মারে কে?
কোন কুহেলিকা নারী
হৃদয়ের ছেঁড়া ডুগডুগিতে
এলো পাথাড়ি চাঁটি মেরে
ব্রহ্মান্ড বিজয়ের হাসি হাসে?

অনামিকা!
তুমি?
এলে তো
আঁচলের খুঁটে এক মুঠো
বিষ ভরে এলে না?

© অরুণ মাজী

স্বপ্নের মশারি তুলে উঁকি মারে কে? (Anamika)
Monday, August 12, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success