একমুঠো স্বপ্নের মত Poem by Arun Maji

একমুঠো স্বপ্নের মত

একমুঠো স্বপ্নের মত
জেগে আছো তুমি
এই ধৈর্যহীন স্পন্দিত বুকে।
যেমন জেগে থাকে চাঁদ
নিশুতি রাতের
অদৃশ্য আন্দোলিত বুকে।

অবশ্য তুমি কিছু বলো না
কিন্তু তোমার চোখ?
তারা কিন্তু অনেক কথা বলে।
অদৃশ্য শব্দের বুননে
তারা অনেক গল্প বলে।

যেমন বলে-
বেচারা চাঁদ নাকি
আর বেশিদিন বাঁচবে না।
তুমিই বলো
একমুঠো জ্যোৎস্না বুকে নিয়ে
সে কদিন আর বাঁচবে?

জানো, স্বপ্নের সঙ্গে
জ্যোৎস্নার কোন পার্থক্য নেই।
যেমন নেই
প্রেমের সঙ্গে অবসাদের।  

অবশ্য এ কেবল আমার কথা নয়।
পৃথিবীর আপামর
প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞেস করো-
দেখবে, তারাও তাই বলবে।

অবশ্য বলা বা না বলাতে
কি আসে যায়?
কোন প্রেমিক বা প্রেমিকা কি
তার স্বপ্নকে ত্যাগ করতে পারবে?

© অরুণ মাজী

একমুঠো স্বপ্নের মত
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success