সঙ্গিনী (Bengali Sonnet) Poem by Dipankar Sadhukhan

সঙ্গিনী (Bengali Sonnet)

হাসি খুশি মুখ তার কথা বলে বেশ;
মোটা নয় রোগা নয় সুঠাম শরীর।
নাকে আছে নাকছাবি মাথা ভরা কেশ;
হাঁটার সময় থাকে উঁচু তার শির।

ঝগড়া এড়িয়ে চলে প্যাঁচ নেই মনে;
আত্মীয় স্বজন লোকে স্নেহ করে তাকে।
সকলেই খুশি হয় তার আচরণে;
ধর্ম-কর্মে-গ্রন্থ পাঠে সদা মগ্ন থাকে।

লোকে তাকে বলে কালো তবু লাগে ভালো;
চোখ দুটো টানাটানা ঠোঁট দুটো লাল।
তার রূপে খুঁজে পাই জগতের আলো;
সে আলোতে বুনে যাই জীবনের জাল।

এমন সঙ্গিনী পেয়ে বড় ধন্য আমি;
দু'জনের ভালোবাসা জানে অন্তর্যামী।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৬শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১০ই মে, ২০২২।
কলকাতা, ভারত।

Wednesday, May 11, 2022
Topic(s) of this poem: sonnet
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success