ভালো তো বাসলে না তুমি।
দেখো, ছাই হয়ে যাবো।
বাসবে বাসবে বলেও
একদিনও ভালোবাসলে না তুমি।
ছোঁয়া দেবে দেবে বলেও
কখনো ছোঁয়া দিলে না তুমি।
দেখো, ছাই হয়ে যাবো
আহত স্বপ্ন বুকে ছাই হয়ে যাবো।
কত কাউকে তো ভালোবাসো তুমি।
ইঁদুর ছুঁচো টিকটিকি
তাদেরও কত ভালোবাসো তুমি।
কেবল আমাকে ভালোবাসো না।
দূর গাঁয়ের ছাপোষা ছেলে বলে
আমাকে ভালোবাসো না।
কথা দিয়ে ব্যথা গাঁথতে পারি না বলে
আমাকে ভালোবাসো না।
দেখো, ছাই হয়ে যাবো।
তোমার প্রত্যাখ্যান বুকে
আমি ছাই হয়ে যাবো।
না হয় একটু ভালোবাসলে।
না হয় ভুল করেই ভালোবাসলে।
না হয় ঘৃণা বুকেই ভালোবাসলে।
তোমার ভালোবাসা পেলেই হলো।
সত্য বা মিথ্যা-
তোমার কিছু একটা পেলেই হলো।
সখি গো
তোমার স্পর্শেই যদি চৈতন্য আমার
ঘৃণা অথবা ভালোবাসার স্পর্শ
তাতে কিই বা আমার এলো গেলো?
© অরুণ মাজী
Painting: Jean- François Portaels
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem