চিঠি দিও (Chithi Dio) Poem by Arun Maji

চিঠি দিও (Chithi Dio)

Rating: 5.0

কথা তো অনেক ছিলো
কিন্তু শুনলে কই?
কান তোমাদের জাত পাত ধর্ম
হিংসা দাঙ্গার দুন্দুভি উল্লাসে পাতা।
ছোট্ট এই মানুষের
গুটিকয় ছোট্ট কথা শুনবে
তোমাদের ফুরসৎ কই?

বেশ, বুকের কথা বুকে বেঁধে
যন্ত্রণা নিয়েই চলে যাবো আমি।
নিঃসঙ্গ মনে
নিঃশব্দে চলে যাবো আমি।

নাহঃ
কাউকেই বলে আমি যাবো না।
সবুজ বাংলার
সোঁদা মাটির গন্ধ শুঁকতে শুঁকতে
ফুস করে চলে যাবো আমি।
যেমন আমি এসেছিলাম এ ধরাতে
অনাহুত পরিচয়হীন
নিঃসঙ্গ নিঃশব্দ
শ্রাবণের বৃষ্টি ঝরা রাতে।

কাঁদতে কাউকে হবে না গো
কাঁদতে কাউকে হবে না।
পেন্তীর মা, নগেন মাস্টার
কাউকে কাঁদতে হবে না।
খোলা করতাল সহ
কাউকে
বলো হরি হরি বোল গাইতেও হবে না।

তবে চিঠি দিও।
কেমন আছো তোমরা জানিও।
কলকাতা ভিক্টোরিয়া
কোলাঘাট সাঁতরাগাছি
কলেজস্ট্রীট শিয়ালদা
রূপনারায়ণ দামোদর
সুভাষ স্বামীজীর স্বপ্ন
এরাও কেমন আছে জানিও।

সেদিন
মৃত আমি
তোমাদের জন্য কিছুই করতে পারবো না।
কিন্তু তোমাদের দুঃখ দীর্ণ মুখগুলো
স্মরণ করে
একটু তো কাঁদতে পারবো আমি।

তাই চিঠি দিতে ইচ্ছে না হলেও
চিঠি দিও।
ঠিকানা?
আমার কবিতার মাঝে খুঁজে নিও।

© অরুণ মাজী

চিঠি দিও (Chithi Dio)
Saturday, June 8, 2019
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success