কর্মক্ষেত্রে ক্লান্তিহীন, থাকি হাসি মুখে,
আনন্দ-আবহে কাটে ব্যস্ততার বেলা;
তবুও হঠাৎ জ্বলে অগ্নি বাম বুকে,
সংসার-মঞ্চে চলে ক্রূর এক খেলা।
হৃদয়ের সঙ্গী নিত্য হেনে যায় বাণ,
অপমান অত্যাচারে জর্জরিত মন;
যন্ত্রণায় ছটফট করে সুপ্ত প্রাণ,
কটূক্তির বিষে মরে ক্রমশ জীবন।
অলিন্দ-পিঞ্জরে জাগে তীব্র এক ব্যথা,
থরথর কম্পমান স্নায়ু আর বুক;
স্বরযন্ত্র কাতরায়, অবরুদ্ধ কথা,
সইতে পারে না প্রাণ লাঞ্ছনার দুখ।
এভাবেই কোনোদিন থামবে হৃদয়,
মহাকাল দ্বারে মৃত্যু, কিছু মিথ্যা নয়।
© দীপঙ্কর সাধুখাঁ
২৯শে আগস্ট, ২০২৬।