রৌদ্র-ছায়া Poem by Dipankar Sadhukhan

রৌদ্র-ছায়া

সৃষ্টির আলোয় হাসে নবীন জীবন,
শৈশব দু'চোখ মেলে সুধা পান করে;
ঊষার নয়নে স্বপ্ন আঁকে যেন মন,
প্রভাতের রবি জাগে নব প্রাণ ভরে।

যৌবন মধ্যাহ্নে জ্বলে দীপ্ত অহঙ্কারে,
মধ্যগগনের সূর্য হানে দীপ্ত বাণ;
কর্মের সাগরে তরী পাড়ি দিতে পারে,
সংগ্রামের রুদ্র স্রোতে গায় জয়গান।

অপরাহ্নে ছায়া নামে পলিত যৌবনে,
বার্ধক্যের জীর্ণ তনু কাঁপে থরোথরো;
গোধূলির ম্লান আলো স্মৃতি আঁকে মনে,
দিবসের শেষ দান কর্ম শেষ করো।

অন্ধকার রাত্রি এসে টানে যবনিকা,
নিভে যায় অবশেষে জীবনের শিখা।

© দীপঙ্কর সাধুখাঁ
৮ই সেপ্টেম্বর, ২০২৬।

This is a translation of the poem Sunlight And Shadow by Dipankar Sadhukhan
Sunday, September 13, 2026
COMMENTS OF THE POEM
Close
Error Success