সে-ই তোমার প্রকৃত বন্ধু, প্রকৃত আপনজন; যে তোমাকে জাগিয়ে দেয়। অন্ধকারে তোমাকে আলো দেখায়। হতাশায় তোমার মধ্যে আশার আলো সঞ্চার করে। অবসাদে তোমার মুখে হাসির ঝলক আনে। তোমাকে আরও সক্ষম আর শক্তিশালী হতে সাহায্য করে।
তোমাকে যে ভালোবাসে, সে কি চাইবে তুমি ভুল পথে যাও? তাই, তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে জেনেও, সে তোমার ভুল চিন্তাধারার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দরকার হলে, তোমার সঙ্গে লড়াই করবে সে। তোমাকে কঠিন কথা বলবে সে। কেমন বন্ধু সে, যে তোমাকে নরক থেকে রক্ষা করতে পারে না?
মিষ্টি কথা যারা বলে, তারা বরং বেশি বিপজ্জনক। মিষ্টি কথা বলে সম্পর্ক মিষ্টি রেখে, তারা তাদের নিজেদের কাজ হাসিল করে। নিজেদের গুপ্তঅভিসন্ধি হাসিল করে।
যা কিছু সত্য, তা কঠিন। যা কিছু সুন্দর, তা কাঁটা যুক্ত। যা কিছু নিরাময় ঘটায় তা তিক্ততা যুক্ত। মদ খুব মায়াবী আকর্ষণীয়, কিন্তু সে তোমার মৃত্যু আনে। উচ্ছে খুব তেতো, কিন্তু সে তোমার রোগ প্রতিরোধ করে।
দুৰ্ভাগ্য, মানুষ কঠিন কথা ভালোবাসে না। তেতো স্বাদ ভালোবাসে না। মানুষ চায় না, তার দীর্ঘ লালিত বিশ্বাসকে কেউ চ্যালেঞ্জ করুক। বা কেউ তাকে ভুল বলুক।
মানুষ তাই তেতো কথাযুক্ত, প্রকৃত বন্ধুকে, শত্রু ভেবে দূরে সরিয়ে দেয়। আর মিষ্টি কথার ঘাতকদেরকে, বন্ধুস্থানে বসিয়ে নিজের ধ্বংসের পথ প্রশস্ত করে। তো যেমন কর্ম তেমন ফল। কাঁটার আঁচড় সহ্য করবে না, তো গোলাপের সুগন্ধ তুমি আশা করবে কি করে? সত্যের থাপ্পড় সহ্য করবে না, তো তোমার চেতনার জাগরণ ঘটবে কি করে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem