মানুষের দুর্বলতা মানুষের লোভ। এই লোভই মানুষকে একদিন, নরকের ঘানিতে বেঁধে পিষে মারে।
মানুষের দুর্ভাগ্য, হারামজাদা লোভ বড় শক্তিশালী আর সদা সর্বত্র বিদ্যমান।
মানুষের পরিণত হওয়া বলতে তোমরা কি বোঝো আমি জানি না, কিন্তু আমি বুঝি- লোভকে সংবরণ করতে শেখাই হলো মানুষের পরিণত হওয়া। কেন? লোভ সংবরণ করতে শিখলে জীবনের যন্ত্রণা অনেক কমে যাবে। শাস্ত্র পড়ে বা গলায় ডিগ্রী ঝুলিয়ে তুমি জীবনের যন্ত্রণা কমাতে পারবে না।
কাঁচা বয়সে যে ভুল করেছো। সেই ভুল যদি বুড়ো বয়সেও করো, তো তাকে তুমি পরিণত হওয়া কি করে বলবে? আমিও এই ভুল করেছি। নরকঘানির যন্ত্রণাও ভোগ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, লোভ সংবরণ করতে শেখাই হলো, আসল পরিণত হওয়া।
একজন ডাক্তার হিসেবে, লোভের পরিণতি আমি প্রায়ই দেখি। এই করোনার সময় দেখছি, কিছু মানুষ শেয়ারে ইনভেস্ট করে, প্রচুর টাকা খুইয়ে, কেমন যেন উন্মাদ হয়ে গেছে। এই মানসিক চাপ আর উদ্বেগ তাদের দাম্পত্য জীবনেও খারাপ প্রভাব ফেলছে।
সব কিছুর মধ্যে একটা ব্যালান্স দরকার। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। একটা বল পৃথিবীকে সূর্যের দিকে টানছে। আর একটা বল পৃথিবীকে, সূর্য থেকে দূরে ছিটকে দিতে চাইছে। এই বিপরীতমুখী দুটো বলের মধ্যে সাম্য আছে বলেই পৃথিবী বেঁচে আছে।
তোমার জৈবিক এবং মানসিক প্রয়োজনে অর্থ সম্পত্তি খ্যাতি সবই দরকার। কিন্তু তাদের সীমারেখা আছে। তোমাকে জানতে হবে, কোথায় থামতে হয়। তুমি যদি গভীর নিষ্ঠা আর শৃঙ্খলার সাথে সেই সীমারেখা না মানো, তো তোমার দুর্ভোগ অবধারিত। লোভে শাস্তি হবেই। মহাকাল তা দেবেই। কখন? কিভাবে? তা কেউ জানে না।
তোমরা ভালো থেকো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem