শুধু কি ঘৃণাই দিয়েছি
ভালোবাসা দিই নি?
দিতে না চাইলেও
কত কিছু দিয়ে ফেলেছি আমি।
নিতে না চাইলেও
কত কিছু নিয়ে ফেলেছো তুমি।
ঘুমিয়ে পড়েছে চোখ
অথচ জেগে রয়েছে স্বপ্ন।
ক্লান্ত নিদ্রা কাতর রাত্তির
অথচ উচ্ছ্বাসী বুকে জেগে রয়েছে জ্যোৎস্না।
ক টা রাত্তির? ক টা রাত্তির যেন?
জানি না। আমি জানি না।
আমার তা জানার কথা নয়।
হৃৎপিণ্ডের সংসার
হৃৎপিন্ডরই জানার কথা। আমার নয়।
জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওকে-
কতিদন দরজা বন্ধ করে
একলা ঘরে কেঁদে মরেছে সে।
ছুঁতে না চাইলেও
কত বার ছুঁয়ে ফেলেছি আমি।
নাভির নিচে, শক্ত বাঁধন খুলতে না চাইলেও
কত রাত তা খুলে রেখেছো তুমি।
অন্তরালে লুকিয়ে থাকা
তোমার ঝর্ণাকে জিজ্ঞেস করো-
কে, কতরাত, কত বাহানায়
অর্দ্ধনগ্ন হয়ে
সাঁতার কেটেছে তার বুকে?
ঘৃণার সঙ্গে রেষারেষি করে
বেড়েছে প্রেম। বেড়েছে বৈরাগ্য।
জানো? তুমি কি তা জানো?
জানো না। আমিও জানি না।
আমাদের কারুরই
কখনো তা জানার কথা নয়।
হৃৎপিণ্ডের সংসার
হৃৎপিণ্ডই বোঝে।
আমার তা জানার কথা নয়
তোমারও তা জানার কথা নয়।
অবিমৃষ্যকারী আগন্তুক কোন মানুষেরই
তা জানার কথা নয়।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem