কেবলই হারিয়ে যাই আমি।
বনে জঙ্গলে ঝোপে
যখন যেখানে খুশি হারিয়ে যেতাম বলে
মা আমার বড় কাঁদতো।
মায়ের দুঃখে কাতর হয়ে
সেজোকাকা একদিন
আমার নংকুর তিন ইঞ্চি উপরে
পেতলের এক ঘুঙুর বেঁধে দিয়েছিলো।
কাকা জানতো না
ঘুঙুরের সাথে নেচে নেচে হারানো
আমার আরো রোমাঞ্চকর লাগতো।
আজও ঘন ঘন হারিয়ে যাই আমি।
রাস্তায় সাপুড়ে দেখলে
কেউটে সাপের নাচ দেখতে থাকি।
বাবলা গাছে বাবুই পাখি দেখলে
গাছে চড়ে তার বাসা দেখতে থাকি।
সিডনি বা মেলবোর্নের রাস্তায়
কোন STREET SINGER দেখলে
রাস্তায় উবু হয়ে বসে গান শুনতে থাকি।
আমার আজও কোন ঘর নেই।
যেখানেই রহস্যের হাতছানি
সৌন্দর্য্যের হাতছানি
নতুনের হাতছানি
সেটাই আমার ঘর।
আমার আজও কোন নিয়ম নেই।
যখন যেটা করতে আনন্দ
আমি তাই করতে থাকি।
আমি সকাল ছটা পর্য্যন্ত কবিতা লিখে
ন টার সময় ডাক্তারি করি।
ভোর তিনটের সময় ডিনার করি
চারটের সময় স্নান করি।
কোন বন্ধনই আমার জন্য নয়।
না সামাজিক বন্ধন
না শৃঙ্খলার বন্ধন
না ভালোবাসার বন্ধন।
মানুষের শরীরে আমি এক প্রজাপতি।
আমার কেবল উড়তেই নেশা।
নিজেকে হারানোই নেশা।
© অরুণ মাজী
Painting: Malcolm Farley
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem