ভালোবাসলেই
হেসে যাবে তারা, ভরে যাবে মন
গেয়ে যাবে পাখি গান।
ছুঁয়ে দেখো
একটু ভালোবেসে ছুঁয়ে দেখো।
তুমি ছুঁয়ে দিলেই
দুলে যাবে নদী, খুলে যাবে দ্বার
ভুলে যাবে ব্যথা মন।
ছুঁয়ে দেখো
একটু ভালোবেসে ছুঁয়ে দেখো।
কার অপেক্ষায় রও হে সখী
কিসের অপেক্ষায় রও?
হন হন করে হাঁটছে জীবন
ছুটছে তোমার আয়ু।
একদিন তারা
সব থেমে যাবে।
নক্ষত্র পুড়ে, ছাই হয়ে যাবে
জীবন জ্বলে, ধূলি হয়ে যাবে।
কি রবে? কোন রবে?
কোথা রবে? কবে রবে?
রবে না কিছুই সখী
যাবে না কিছুই সাথে।
কিসের মান হে সখী
কেন অভিমান তোমার?
মুক্তো হাসির দাঁত তোমার
তাও ঝরে যাবে।
সুউচ্চ রাঙা কপাল তোমার
তাও পুড়ে যাবে।
কার লাগি জবা ঠোঁট তোমার
কিসের লাগি নাভি?
কার লাগি আগ্নেয় বুক তোমার
কিসের লাগি আঁখি?
পুষ্প হাসে কার তরে গো সখী
পুষ্প হাসে কিসের তরে?
ভ্রমর তারে যদি নাই বা ছুঁবে
পুষ্প যৌবন কিসের তরে?
ছুঁয়ে দেখো
একটু ভালোবেসে ছুঁয়ে দেখো।
তুমি ছুঁয়ে দিলেই
থেমে যাবে সময়, জমে যাবে নদী
হেরে যাবে মরণ মহা রণে।
© অরুণ মাজী
Painting: John William Godward
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem