জীবন যন্ত্রণা মানুষ (Jibon Jontrona Manush) Poem by Arun Maji

জীবন যন্ত্রণা মানুষ (Jibon Jontrona Manush)

Rating: 5.0

ভবিষ্যতে রামধনু দেখবে বলে
মানুষ আজকের আকাশ দেখে না।
অথচ আজকের আকাশেও
মেঘ আছে, ছায়া আছে
রোদ ঝলমল আলো আছে।

মালবিকা বিশেষ এক পূর্ণিমার পথ চেয়ে-
কোন এক জ্যোৎস্নালোকিত রাতে
যেদিন চূর্ণীর বুকে চাঁদ ঝলমল করবে
সেদিন
মালবিকা আমায় তিনটে চুমু দেবে।

মালবিকা কি জানে না-
ঠোঁট বাড়ালেই ভালোবাসা?
ঝিলিক চোখে সে দেখলেই
আমার বুকে জ্যোৎস্না?

সূর্য কি তিথি দেখে আলো দেয়?
চন্দ্রমা কি দিন গুনে হাসি হাসে?
নদী কি ভবিষ্যতে চোখ রেখে বয়ে যায়?

কে জানে কে ঝরে যাবে কবে!
মালবিকা বা অমল
এদের কেউ
একদিন হটাৎই হারিয়ে যাবে।

স্বর্গ থেকে
কেউ কি কখনো কাউকে চিঠি লিখে বলেছে-
সে সুখে আছে? আনন্দে আছে?
ওহে মালবিকা
জীবনেই যদি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলে
তবে মৃত্যুর পরে তোমার স্বর্গ বাসনা কেন?
মৃত্যু খারাপ কিছু নয়
কিন্তু অতৃপ্ত হৃদয়ে মৃত্যু বড় যন্ত্রণার!

আজকের এই মুহূর্তের মধ্যে
যে স্বর্গ আঁকতে পারে নি,
ভবিষ্যতের বুকে
কেমন করে সে স্বর্গ আঁকবে?

জীবনের সুখ
অতীতে নয়, ভবিষ্যতে নয়।
জীবনের সুখ
কেবল এই মুহূর্তে।
এই মুহূর্তে বাঁচতে পারার নামই হলো
সুখী জীবন।

© অরুণ মাজী
Painting: William-Adolphe Bouguereau

জীবন যন্ত্রণা মানুষ (Jibon Jontrona Manush)
Saturday, January 13, 2018
Topic(s) of this poem: happiness,joy,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success