তোমার কাননে ফুল
অথচ আমার বুকে সুগন্ধ।
অথচ কি আশ্চর্য্য
তার কিছুই জানো না তুমি!
কখনো হয়তো লক্ষ্যও করো নি
উন্মাদ এক যুবক
রোজ রোজ নিজের স্টপ ফেলে তোমার স্টপে যায়
আবার ফিরতি বাসে নিজের স্টপে ফিরে আসে!
ঈশ্বর যদি নারীকে
একটু বুঝবার ক্ষমতা দিত
এ পৃথিবীর পুরুষরা
রাতদিন দীর্ঘশ্বাস আর ফেলতো না!
এতো তো ফ্যালফ্যাল করে চেয়ে থাকি আমি
কখনো জিজ্ঞেস করছো- কে আমি?
কেন চোখে কৃপা ভিক্ষা নিয়ে
হ্যাংলার মতো চেয়ে থাকি আমি?
অসভ্যতা ভেবে
কখনো যদি একটা চড়ও কষিয়ে দিতে
তো বলার সুযোগ পেতাম আমি-
"তোমার কাননে ফুল
অথচ আমার বুকে সুগন্ধ।"
নরকের যন্ত্রণাও
নারী অবজ্ঞার চেয়ে বেশি নিষ্ঠুর নয়!
তেলের কড়াইও
নারী উপেক্ষার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক নয়!
তৃষ্ণার্ত চোখে এতো তো চেয়ে থাকি আমি!
ক্রোধে একদিন
সজোরে থাপ্পড় মারতে পারো না?
দূর থেকে আর কত সুগন্ধ নেবো হে নারী
দূর থেকে আর কত সুগন্ধ নেবো?
তোমার কোমল হাতের নরম তালু দিয়ে
একদিন একটু আঘাত হানতে পারো না?
এ পৃথিবীর সব নারীই কি জানে
নারী কর্তৃক দৈহিক আঘাত
গোপন আশীর্ব্বাদ পুরুষের কাছে?
তাই কি নারী
পুরুষকে উপেক্ষার আগুনে পুড়িয়ে মারে?
বলো, আর কত বেহায়া হবো?
নির্লজ্জ্য হবো?
আর কত ভাবে তোমাকে জানাবো-
তোমার কাননে ফুল
অথচ আমার বুকে সুগন্ধ?
© অরুণ মাজী
Painting: Henri-Guillaume-Schelesinger
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem