ওহে উচ্ছৃঙ্খল অমলের স্বপ্ন,
লজ্জাকে আঁচল করে
কতদিন আর
দূরে দূরে থাকবে?
জানো না
আমিও স্বপ্নে তোমার
নিষিদ্ধ ইচ্ছে হতে পারি?
জেদ চড়িও না হে সদ্য কুসুমিত পুষ্প
জেদ আমার চড়িও না।
আমিও জানি
কিভাবে কোমল নারী বক্ষে
উন্মত্ত ঝঞ্ঝা হয়ে আছড়ে পড়তে হয়।
আমিও জানি
নারী হৃদয়ের গোপন দ্বারে
কিভাবে সিঁধ কাটতে হয়।
ক্ষোভে কখনো যদি
বাগানে তোমার নদী খুঁড়ে দিই;
পারবে তুমি
গর্ভবতী সবুজ না হতে?
দুর্ভাগ্য, চাণক্য বেঁচে নেই আজ !
নতুবা তিনিও বলতেন-
নারী বক্ষে যেমন অভিমান আনতে নেই
পুরুষ বক্ষে তেমন ক্ষোভ আনতে নেই।
বুকে এতো আগুন জ্বালাও তুমি
অথচ, সে আগুন নেভাতে
একফোঁটা বৃষ্টি হতে পারো না ?
নিদ্রার কাঁটা হয়ে
বুকে এতো ক্ষত আঁকো তুমি
অথচ, সে ক্ষতের নিরাময়ে
একবিন্দু স্পর্শ হতে পারো না ?
ওহে উদ্ভিন্ন যৌবনা নারী,
ভয়কে দেওয়াল করে
কতদিন আর
দূরে দূরে থাকবে?
স্বপ্নে কোনদিন যদি
নদী হয়ে জন্ম নিই আমি;
পারবে তুমি
গর্ভবতী মৃত্তিকা না হতে?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem