আলস্যে আড় ভাঙছে পৃথিবী
অথচ খুশিতে টগবগ ঝমঝম বৃষ্টি।
তারই মাঝে আউলবাউল বাতাস
ফক্কর যুবকের মতো
সিঁটি ফুঁকে গাইতে গাইতে চলে গেলো।
দুর্ভাগ্যের ঘন কালো মেঘকে
উদ্ধত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে
শক্ত হাতে মাটি খুঁড়ে কে?
পেন্তীর মা তুমি!
বৃষ্টিতে ভিজছো কেন?
ব্যামো হয়ে মরবে নাকি?
"মরণকি এতো সহজ রে মুখপোড়া?
মরণে কেবল ধনীদের অধিকার।
যারা দরিদ্র্য অনাহারক্লিষ্ট
মরণ তাদেরকে ছুঁতেও চাই না।"
সত্যিই তো
মরণ যারা চাই, মরণ তাদের হয় না।
যেমন
বৃষ্টি যে দেশ চাই, বৃষ্টি সে দেশে হয় না।
তাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের চির আকুতি-
ওহে আকাশ
"এক খন্ড মেঘ ধার দিতে পারো
গোবি সাহারার বুকে? "
মাথার উপর বিষণ্ণ আকাশ।
অথচ কয়েকটা শকুন
হৈ হুল্লোড় সহ কলধ্বনি করে
গরীবের রক্ত শুঁকে গেলো।
"শুনেছিস মুখপোড়া?
গতরাতে, বটুর ছ-মাস বয়সী ব্যাটা
জ্বর বমি খিঁচুনিতে মরে গেলো।
অথচ রাতদিন মরণকে ডাকছি আমি
তবুও মরণ আমার হলো না।"
কি আশ্চর্য্য এই জীবন! তাই না?
যাদের মরা উচিৎ নয়, তাদেরই মরণ হয়।
পৃথিবীর যুবতী মায়েদের কোল খালি হওয়া উচিৎ নয়
অথচ তাদেরই কোল খালি হয়।
আচ্ছা, আমি কি জেগে আছি?
নিশ্চয়ই জেগে আছি।
নাহলে চোখ খোলা কেন?
চোখ থাকলেই কি জেগে থাকা হয়?
মালবিকা কি করছে এখন?
ধ্যাৎ মালবিকা, মালবিকা আর মালবিকা!
এখন আবার মালবিকার চিন্তা কেন?
মালবিকা কি ঘুম থেকে উঠেছে?
এখন কি করছে সে? আমার কথা ভাবছে?
একটুখানি। অন্তত একটুখানি?
না ভাবলো তো বয়ে গেলো !
কেউ যদি অমলের কথা নাই ভাবে
তাতে আমার কি এসে গেলো?
আচ্ছা, মালবিকা কি
এই পৃথিবীর কথা ভাবে?
এই পৃথিবীর
যন্ত্রণা কাতর পেন্তীর মা
বটু বাগ্দীর যুবতী বৌয়ের শূণ্য গর্ভ ইত্যাদি?
জানো পেন্তীর মা ?
সূর্যটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।
বেচারা একদিন হয়তো মরেই যাবে!
তুমিই বলো, কাঁহাতক আর জ্বালা বুকে বেঁচে থাকা?
মরে গেলেই ভালো।তাই না?
আমাদেরও যন্ত্রণা শেষ!
আচ্ছা, এ পৃথিবীর অসংখ্য যন্ত্রনাকাতর মানুষ
সবাই কি মরতে চাই? সবাই?
আর আমি?
সবাই হয়তো চাই। তবে সবসময় চাই না।
তারা বাঁচতেও চাই।
আচ্ছা পেন্তীর মা
তুমি কি কেবল মরতেই চাও?
একটুও বাঁচতে চাও না?
"কেন চাইবো না?
বটুর ব্যাটা যেদিন জন্ম নিলো
সেদিন চোখ মেলে
কেমন যেন হেসেছিলো সে।
তার সেই হাসি দেখে
সেদিন বাঁচতে চেয়েছিলাম আমি। "
বিষণ্ণ আকাশ
আর আলস্যে অর্দ্ধ অচৈতন্য পৃথিবী।
তারই মাঝে আউলবাউল সেই বাতাস
ফক্কর যুবকের মতো
সিঁটি ফুঁকে গাইতে গাইতে চলে গেলো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem