হে অনাহূত আগন্তুক তুমি,
যতবার দূরে ঠেলো তুমি
কাছে আসি আরও।
আমার রন্ধ্রে রন্ধ্রে অনাঘ্রাত তুমি।
অনাঘ্রাত
তবুও ঘ্রাণের গোপন অন্ধকারে
এলোচুল মেলে
ঠোঁটে,
স্বপ্নের আগ্নেয়গিরি এঁকে
চেয়ে আছো তুমি।
কতকাল?
প্রেমের জীবাশ্মে লেখা
দেখো নি তুমি?
গহনে গভীর উৎকণ্ঠা আমার
হৃদয়ে ঘন মেঘ।
কল্পনার আলো যদিও নিভু নিভু
তবুও
একাকী প্রদীপের মতো
জেগে আছে হৃদি-স্বপ্ন।
সেই স্বপ্নের সোনালী সরণী বেয়ে
উঁচু বুকে হেঁকে হেঁকে
ডেকে যায় যে,
চেনো না তাকে?
অথচ চেনা উচিত ছিলো তোমার।
উচিত অনুচিত তর্ক আজ থাক।
শুধু জেনো,
তোমাকে দেখলেই
ঝাঁপিয়ে আমি পড়বোই।
নাই বা চিনলে।
চেনার ভান করে
একদিন ছুঁয়ে দিতে দোষ কি?
সমাজ সংস্কারের কথা বলছো?
প্রেম কি জিনিস তা শেখো
সমাজ সংস্কারকে ভয় আর পাবে না।
সুনামির আলিঙ্গনে নিদ্রা যাদের
শিশির বিন্দুকে
কখনো কি ভয় পায় তারা?
© অরুণ মাজী
Painting: EDB
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem