মালবিকা ও অগ্নিতৃষ্ণা, ১ম অংশ (Malobika) Poem by Arun Maji

মালবিকা ও অগ্নিতৃষ্ণা, ১ম অংশ (Malobika)

Rating: 5.0

এটা তো আমার
চৌষট্টিতম চিঠি অমল
চৌষট্টিতম।

পেয়েছো?
আগেরগুলো পেয়েছো?
পাবে কি করে?
পোস্টই যদি করি নি, তো পাবে কি করে?

ভাবলাম
অবশ্য পেলেও পেতে পারো তুমি
বুঝলেও বুঝতে পারো তুমি।

তুমি আমার অমল।
কত কত কিছু
না দেখেই বুঝে ফেলো তুমি।

তুমিই তো বলো-
হৃদয়ের কাছে নাকি, অগম্য কিছুই নয়।
যা অদৃশ্য তা দেখা যায়
যা অবোধ্য তা বোঝা যায়
যা অকল্পনীয় তা করা যায়।

তুমি বলো, বোবা কালা বৃক্ষ-
তারও নাকি স্বপ্ন আছে!
লাল নীল হলুদ সবুজ- হরেক রকম স্বপ্ন।

লাল স্বপ্ন- আগাম কোন বিপদ
নীল স্বপ্ন- অতীতের কোন হতাশা
হলুদ স্বপ্ন- বিবর্ণ এক ইচ্ছে
সবুজ স্বপ্ন-
তার প্রেমিকার কুহেলিকা সুন্দর হাসি।  

তুমি বলো,
ধোঁয়ার কুণ্ডলীর মতো ভেসে যাওয়া মেঘ-
তারও নাকি পরিচয় আছে!
ভেসে যাওয়া মেঘ নাকি, প্রত্যাখ্যাত এক প্রেমিক
আর ঘন কালো মেঘ, তার ক্রন্দন উন্মুখ প্রেমিকা।

আচ্ছা, যদি মেঘ হতাম
তো কোন মেঘ হতাম আমি?
ঘন কালো মেঘ?

না গো না।
আমার চোখের জল দেখে ভেবো না,
কেবল কাঁদতে চাই আমি।
হাসতেও চাই  গো
কাঁদতে কাঁদতে
হাসতেও চাই আমি।

জানো? আমি হতাম
গোধূলী মেঘে রোদ ঝড় বৃষ্টি।

© অরুণ মাজী

মালবিকা ও অগ্নিতৃষ্ণা, ১ম অংশ (Malobika)
Thursday, July 9, 2020
Topic(s) of this poem: love,passion,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success