না গো না
অবজ্ঞা তোমাকে মানায় না।
যার গর্ভে জন্ম নেবে বলে
ঈশ্বরের অনন্ত পিপাসা
সেই নারী হৃদয়ে
অবজ্ঞা কখনো মানায় না।
ওহে মালবিকা
মূর্তিমতী নারী তুমি।
তুমি কি আমাকে অবজ্ঞা করতে পারো?
তৃষ্ণার্ত এই তরুণকে কি
ফিরিয়ে দিতে পারো?
দাও না
দাও না একটু ছুঁতে তোমায়।
মাইরি বলছি
একবারের বেশি ছুঁবো না।
হাতে চন্দন মেখে
রাতদিন কত অপেক্ষা আমার!
তুমিই বলো
করুণা প্রত্যাশী যুবককে কি
অবজ্ঞা করতে পারো?
ওহে মালবিকা
জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা আমার।
তোমার কাজল চোখ দেখতে দেখতে
তোমাকে একটু ছুঁবো।
তোমার হাসির সুগন্ধ মেখে
গর্বে,
আকাশকে একটু ভেংচি কাটবো
এই আশায়
আমৃত্যু অপেক্ষা আমার।
তুমিই বলো
ঈশ্বরের অর্দ্ধ অংশ তুমি
তুমি কি আমাকে অবজ্ঞা করতে পারো?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem