তুমিই অনন্ত রহস্য
মহাবিশ্বের
দৃশ্যমান অদৃশ্য দৃশ্য।
তোমার মধ্যে বায়বীয় মেঘ
তরঙ্গায়িত রশ্মি
ফেনিল স্বপ্ন
সর্ব্বগ্রাসী আগুন
মৃত্যুর চলমান উপত্যকা।
তোমার বুকের উপর
গর্বোদ্ধত ভঙ্গীতে
মাথা উঁচু করে দাঁড়িয়ে কে?
কে সেই অহঙ্কারী অস্তিত্ব?
মৃত্যু?
কিন্তু কার?
রাজা মহারাজার? অথবা
আমার মতো ছাপোষা পুরুষ মানুষের?
কার?
তোমার বুকে আঁকা
নিশ্চিৎ মৃত্যু থেকে
কারও পরিত্রাণ নেই।
মহারাজা চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত আকবর বাদশা
বা ছাপোষা আমি
নাহঃ কারও নেই।
তোমার বুকে আঁকা মৃত্যুর জন্য
আমৃত্যু অপেক্ষমান
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি।
তোমার ঊরুসন্ধিতে যে প্রবাহমানা নদী
তা বইছে কতদিন?
১৪ বিলিয়ন ইয়ার্স আগে ঘটা
বিগব্যাঙের সময় থেকে?
অথবা তারও আগে থেকে?
জানি আমি জানি
তারও অনেক আগে থেকে।
নারীর অঙ্গের গোপন গুহা ছাড়া
পৃথিবীর জন্ম হয় কিভাবে?
মহাবিশ্বের জন্ম হয় কিভাবে?
তোমার চোখে ওটা কি?
জ্যোতিষ্ক?
অথবা আমার রাতের স্বপ্ন?
কিন্তু আমার চেতনার স্বপ্ন তোমার চোখে কেন?
কোন ছলনায়
সৃষ্টির জন্মলগ্ন থেকে
আমাকে
ক্রীতদাস বানিয়েছো তুমি?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem